ইউপি নির্বাচন সুষ্ঠু করার আহ্বান ওয়ার্কার্স পার্টির
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। গতকাল শুক্রবার তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় এই আহ্বান জানানো হয়।
সংগঠনটির দুই দিনের সভার প্রথম দিনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে প্রস্তাব গ্রহণ করেছে ওয়ার্কার্স পার্টি। প্রস্তাবে বলা হয়, দলীয় পরিচয়ে নির্বাচন তৃণমূলে গণতান্ত্রিক রাজনীতির বিকাশ ঘটাবে। কিন্তু ওই নির্বাচনের ওপর প্রশাসনের হস্তক্ষেপ, প্রশাসনের সহায়তায় পূর্ব রাতেই ফলাফল নির্ধারণ, বুথ দখল, নমিনেশন ও নির্বাচন-বাণিজ্য, অবাধ অর্থের ব্যবহার, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ১৪ দলসহ যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে তাকেও ক্ষুণ্ন করবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে এ সময় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও সংগঠনের নেতা ইকবাল কবির, জ্যোতি শংকর, শরিফ শমশির, নজরুল ইসলাম, আলী আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।
শ্রীপুরে নারী শ্রমিক ও টঙ্গীতে যুবক খুন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকা থেকে গতকাল শুক্রবার পুলিশ পোশাক কারখানার এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে। আগের দিন বৃহস্পতিবার রাতে টঙ্গীর পাগাড় এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
শ্রীপুরে উদ্ধার করা লাশটি কল্পনা আক্তারের (২৮)। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বেয়ারা গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী। কল্পনা আক্তার স্থানীয় আকবর কটন মিলের শ্রমিক ছিলেন। টঙ্গীতে নিহত ব্যক্তির নাম তুষার ক্রুশ (২৫)। তিনি পাগাড় খ্রিষ্টানপাড়া এলাকার সুশান্ত ক্রুশের ছেলে।
শ্রীপুর থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, কল্পনা বৃহস্পতিবার রাত ১০টার পর কারখানার কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১১টার দিকেও না ফেরায় স্বামী সিদ্দিক মিয়া স্ত্রীকে খুঁজতে বের হন। রাত ১২টার দিকে তিনি বাড়ির পাশের একটি নর্দমায় কল্পনার লাশ দেখতে পান। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরদিন সকাল সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান বলেন, কল্পনার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এতে কারা জড়িত তা বোঝা যাচ্ছে না। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। তদন্ত চলছে।
টঙ্গী থানার পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, তুষার ক্রুশ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে স্থানীয় বালুর মাঠে যান। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেন। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাতেই তুষার মারা যান। গতকাল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে বন্ধুরা অথবা এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তুষারকে হত্যা করেছে।