ইউপি নির্বাচনকে প্রভাবিত করতে ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীনেরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে প্রভাবিত করতে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। তাতে বলা হয়, আগামী ইউপি নির্বাচনকে নির্দলীয় করতে নির্বাচন কমিশন ঘোষণা দিলেও আওয়ামী লীগ তা মানছে না। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জে সরকারি দলের ক্যাডারদের হামলায় বিএনপির স্থানীয় নেতা মজিবর রহমান মৃধা খুন হয়েছেন। মানুষ খুন-জখম হচ্ছে, অথচ নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি অভিযোগ করেন, আজ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে পৌরনির্বাচনে ক্ষমতাসীন দলসমর্থিত প্রার্থীকে জেতানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এখানে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ক্রমাগত আচরণবিধি লঙ্ঘন করছেন। সংবাদ সম্মেলনে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।