ইউপি নির্বাচনে আ.লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার এলাকায় মাইকযোগে এ বহিষ্কারাদেশ প্রচার করা হয়।
বহিষ্কার হওয়া নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর কবীর খান, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোনাখাড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী টিএম আবদুল মজিদ, সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলাম সরকার এবং ধামাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী খান।
বহিষ্কার হওয়া দুজন সাংবাদিকদের বলেন, ২২ মার্চ ভোটারেরা ঠিকভাবে ভোট দিতে পারলে বোঝা যাবে জনগণ আসলে কাদের বহিষ্কার করে। তাঁরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।
বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী সাংবাদিকদের বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।