আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে কালো টাকার যথেচ্ছ ব্যবহার রোধে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। গতকাল বুধবার মুন্সিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলা হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুুষ্ঠিত সভায় জানানো হয়, বর্তমানে মুন্সিগঞ্জে ইয়াবা বড়ির ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাই এ ব্যাপারে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে। সভায় জেলার ছয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মুন্সিগঞ্জ জেলার ৬৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৩১ মে থেকে পর্যায়ক্রমে ভোট গ্রহণ শুরু হচ্ছে।জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মো. আজিজুল আলম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, এটা নিশ্চিত। এ নিয়ে কোনো দ্বিধা নেই।’ পুলিশ সুপার (এসপি) মো. শফিকুল ইসলাম বলেন, ইয়াবা বড়ি সহজে বহনযোগ্য। তাই এটা সহজেই ব্যবহার করা যায়। কিন্তু মাদকের ব্যাপারে পুলিশ সতর্ক। উপজেলা নির্বাহী কর্মকর্তারা ইউপি নির্বাচন প্রসঙ্গে আলোচনায় অংশ নেন। লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান গনি মাতবর বলেন, মুন্সিগঞ্জে এখন ফেনসিডিলের ব্যবহার একটু কমলেও ইয়াবা বড়ির ব্যবহার অনেক বেড়েছে। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ বলেন, পৌরসভা নির্বাচন বর্তমান সরকারের একটা সাফল্য। এই সাফল্য ধরে রাখতে এবার ইউনিয়ন পরিষদের নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। যেহেতু ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, তাই এখন প্রশাসনকে সতর্ক থাকতে হবে। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র কে এম ইরাদত মানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম মল্লিক, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, মিরকাদিম পৌরসভার মেয়র মো. শাহীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কালাম আহমেদ, প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন প্রমুখ।