ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কতজন মানুষের প্রাণহানি ঘটেছে, সে তথ্য নির্বাচন কমিশনের কাছে নেই। গতকাল রোববার সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।
স্বতন্ত্র সাংসদ সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে সহিংসতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়জন এবং দুজন ভোট গ্রহণ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিবারকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিদের ৪০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এদিকে গণমাধ্যমের তথ্য অনুযায়ী এবারের ইউপি নির্বাচনে সহিংসতায় শতাধিক লোকের প্রাণহানি ঘটেছিল।
১৫৩ পৌরসভায় পাইপলাইনে পানির মাস্টারপ্ল্যান প্রস্তুত: দেশের ১৫৩টি পৌরসভায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা চালু করার জন্য মাস্টারপ্ল্যান প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য পৌরসভাকেও এর আওতায় আনা হবে।
গতকাল সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে ওয়াসা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগরীতে পানি সরবরাহ করে। অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি সরবরাহ করে থাকে।
মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বর্তমানে সারা দেশে নিরাপদ পানি সরবরাহের জন্য ‘পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্প’ নামের একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মেয়াদকাল জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত।
মন্ত্রী জানান, দেশের ৩০০টি নির্বাচনী আসনে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার জন্য একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে প্রতিটি নির্বাচনী এলাকায় ৩৩৫টি বিভিন্ন ধরনের পানির উৎস ও নলকূপ স্থাপন করা সম্ভব হবে।