ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিন আত্মীয়র লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিন আত্মীয় লড়াই করছেন। এতে ভোটাররা কাকে ভোট দেবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন।
ওই তিনজন হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী আনিছুর রহমান, বিএনপির মনোনীত প্রার্থী সাইদুর রহমান মিঞা এবং সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মিঞা।
উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীর আলম মিঞা উপজেলা কৃষক লীগের সহসভাপতি। তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁর ছোট বোনের স্বামী বর্তমান চেয়ারম্যান কাজী আনিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাঁর (জাহাঙ্গীর) চাচাতো ভাই যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাইদুর রহমান মিঞা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
ভোটার আতাউর রহমান বলেন, ‘তিনজন প্রার্থী একে অপরের আত্মীয়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন। আমি নিজেও আওয়ামী লীগ সমর্থক। এ জন্য আমরা বড় সমস্যায় আছি। উপজেলা সদরের ইউনিয়ন এ জন্য কেউ মুখ খুলছেন না।’
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল বাছেদ বলেন, ‘তিন প্রার্থী ঘনিষ্ঠ আত্মীয়। নির্বাচনে যে কেউ জিতলে তাঁদের (প্রার্থীদের) সমস্যা হবে না। সমস্যা তো আমাদের মতো ভোটারদের।’
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মখলেছুর রহমান বলেন, ‘দলীয়ভাবে আওয়ামী লীগ ও বিএনপি জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বলে মনে হয় না। ইতিমধ্যে একজন বিএনপির প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সব ইউনিয়নেই বিদ্রোহী প্রার্থী আছে। সাধারণ ভোটাররা জনপ্রিয় ও যোগ্য প্রার্থীই বেছে নেবেন।’
এ ব্যাপারে জাহাঙ্গীর আলম মিঞা বলেন, ‘দলীয় নির্বাচনে আত্মীয়তা বলে কিছু নেই। দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের আহ্বানে প্রার্থী হয়েছি। আশা করি আমারই জয় হবে।’
সাইদুর রহমান মিঞা বলেন, ‘তিনজনই যোগ্য প্রার্থী। একজন আওয়ামী লীগে, একজন বিএনপিতে আর একজন স্বতন্ত্র। মানুষ প্রতীক ছাড়া ভোট দেন, এটা বিশ্বাস করি না। এটা বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের দুজন প্রার্থী, এটা আমার জন্য সহজ হয়েছে। আত্মীয়তা বড় কথা নয়, দলই বড়।’
এ ব্যাপারে কাজী আনিছুর রহমান মুঠোফোনে গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি নৌকা প্রতীকে নির্বাচন করছি। আমার অতীত কর্মকাণ্ড বিবেচনা করে আশা করি মানুষ আমাকেই আবার নির্বাচিত করবেন।’