ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের ব্যাংক হিসাব খুলতে হবে
নির্বাচনী ব্যয়ের হিসাব সংরক্ষণের জন্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের তফসিলি ব্যাংকে হিসাব (অ্যাকাউন্ট) খুলতে হবে। নির্বাচন পরিচালনা বিধি অনুযায়ী নির্বাচনী ব্যয়ের যাবতীয় টাকা এই ব্যাংক হিসাবের মাধ্যমে খরচ করতে হবে। তবে সদস্য বা মেম্বার প্রার্থীর জন্য এ বিধান প্রযোজ্য হবে না। ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের জন্য প্রথমবারের মতো এই বিধান করা হয়েছে। এই বিধানটি সংসদ, সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের প্রার্থীদের জন্য প্রযোজ্য ছিল। বিধান অনুযায়ী, নির্বাচনের পর চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব বিবরণী নির্বাচন কমিশনে জমা দিতে হবে। জামানত হিসাবে চেয়ারম্যান প্রার্থীদের ট্রেজারি চালান, পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে কিংবা নগদ পাঁচ হাজার টাকা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। একইভাবে সদস্যদের জমা দিতে হবে এক হাজার টাকা। প্রত্যেক চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী ব্যয় হিসাবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা খরচ করতে পারবেন। ব্যক্তিগত ব্যয় বাবদ সর্বোচ্চ ৫০ হাজার টাকা খরচ করতে পারবেন। সদস্যদের সর্বোচ্চ নির্বাচনী ব্যয় এক লাখ টাকা এবং ব্যক্তিগত সর্বোচ্চ ব্যয় ১০ হাজার টাকা। ইউপি নির্বাচনের জন্য এবারই প্রথম লিখিত আচরণ তৈরি করা হয়েছে। আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না। আগামী ১ মার্চের আগেই সব ধরনের দেয়াল লিখন মুছে এবং পোস্টার, ব্যানার, লিফলেট সরিয়ে ফেলতে হবে। প্রচারণা চালিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এমন প্রমাণ মিললে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। কোনো প্রার্থী একটির বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না। প্রচারণার জন্য মাইক ব্যবহার করা যাবে বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত উপকূলীয় এলাকার ১২টি জেলার ৫৯৬টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।