ইউপি নির্বাচনে থাকবে বিজিবি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করবে।
আজ বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলেও জানান শাহনেওয়াজ।
কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২২ মার্চ প্রথম ধাপে দেশের ৭৩৯টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। এসব ইউপিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। নির্বাচনে বিজিবির কী পরিমাণ সদস্য দায়িত্ব পালন করবেন সে বিষয়ে আজ বিজিবির কর্মকর্তাদের সঙ্গে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
শাহনেওয়াজ বলেন, প্রথম ধাপে ৭৩৯টি ইউনিয়ন পরিষদে পৌনে সাত হাজারের মতো কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে শুধু পুলিশ, র্যাব ও আনসার দিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সে জন্য বিজিবির দরকার হবে। নির্বাচনের আইনশৃঙ্খলা বিষয়ক কমিশনের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কমিশনার আরও বলেন, গত পৌর নির্বাচনে সেনা মোতায়েন ছাড়াও নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইউপি নির্বাচনেও কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা নেই। কাজেই সেনাবাহিনীকে নিয়ে আসার কোনো কারণ নেই।