ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দেখভাল করার দায়িত্ব তৃণমূল আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের তৃণমূল পর্যায়ের শাখাগুলোকে দলীয় প্রার্থীদের দেখভালের দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। সংশ্লিষ্ট উপজেলা আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীদের সমর্থন দেওয়া না-দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে সাংসদেরা প্রয়োজনে পরামর্শ দিতে পারবেন।আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাসরি কেন্দ্রীয়ভাবে হস্তক্ষেপ করা হবে না। স্থানীয়ভাবে নানা হিসাব-নিকাশ থাকায় অবস্থা বুঝে তৃণমূল শাখা সিদ্ধান্ত নিতে পারবে। তবে যুদ্ধাপরাধী ও সমাজবিরোধী প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগের সুস্পষ্ট অবস্থান থাকবে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় নির্বাচন। এখানে কেন্দ্রীয়ভাবে কিছু করার নেই। তবে উপজেলা আওয়ামী লীগ প্রতি ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী ঠিক করতে পারবে। প্রয়োজনে স্থানীয় সাংসদের সহায়তাও নেওয়া যেতে পারে।বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, আগামী ১৫ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। দেশের উপকূল এলাকার ২৮ থেকে ৩০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে মার্চে। বাকি নির্বাচন হবে মে মাসে। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বৈঠক হবে ২২ ফেব্রুয়ারি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠানো শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন এবং কমিশন কার্যালয়ের সচিব হুমায়ুন কবীর এ সময় উপস্থিত ছিলেন।আওয়ামী লীগের সূত্র জানায়, ইউনিয়ন পরিষদের মাধ্যমে তৃণমূলে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন আওয়ামী লীগের নেতারা।জানতে চাইলে আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্ভব নয়। তবে এ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে স্থানীয় আওয়ামী লীগ প্রার্থী ঠিক করার বিষয়টি দেখভাল করবে। মুক্তিযুদ্ধবিরোধী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে বরাবরের মতো এ নির্বাচনেও আওয়ামী লীগের অবস্থান থাকবে।সরকারের নীতিনির্ধারকদের মতে, পৌরসভা ও উপনির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার নীতি নেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠুক, তা চান না সরকারের নীতিনির্ধারক মহল। তাই স্থানীয় প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকায় রেখেই ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা করতে চায় সরকার।