ইউপি নির্বাচনে নির্বাহী হাকিমের সংখ্যা বাড়ানো হচ্ছে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নির্বাহী হাকিমের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ জন্য কমিশন থেকে গতকাল মঙ্গলবার সংস্থাপন সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।সূত্র জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) হেলাল চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে কিছু কিছু ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে সহিংসতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। চিঠিতে ভোলা জেলার প্রতি ইউনিয়নে একজন, নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রতি ইউনিয়নে একজন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী হাকিম নিয়োগের অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগের (ভোলা ছাড়া) বাকি জেলার প্রতি তিন ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী হাকিমেরা আজ বুধবার থেকে ৩ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন।আগামী ২৯ মার্চ্রথেকে ৩ এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায়ে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় ১২ জেলার ৭২ উপজেলার ৫৭১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।