ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং অর্ধশত আহত হয়েছে। গত রবি ও সোমবার নগরকান্দা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম রণজিৎ ফকির (৪৫)। তিনি সোমবারের সংঘর্ষের সময় আহত হয়েছিলেন। গতকাল মঙ্গলবার সকাল সাতটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মাঝারদিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান সহিদুজ্জামানের সমর্থকদের সঙ্গে ওই ইউপির সাবেক চেয়ারম্যান হামিদ মোল্লার সমর্থকদের রোববার মাঝারদিয়া গ্রামে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের কয়েক শ লোক ঢাল, সড়কি, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। সোমবারও সংঘর্ষ অব্যাহত থাকে। সোমবারের সংঘর্ষে সহিদুজ্জামানের সমর্থক রণজিৎসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। তাদের ঢাকা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুদিনের মধ্যে এ অঞ্চলে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর কুমার দাস জানান, রোববার নগরকান্দা পুলিশ এবং ফরিদপুর পুলিশ লাইনসের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরে সোমবার দুপুরে র্যাব-৮-এর একটি দল ঘটনাস্থলে গিয়ে বিকেলের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গতকাল বেলা একটা পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান অভিযোগ করেন, মাঝারদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান হামিদ মোল্লার সমর্থকেরা আসন্ন ইউপি নির্বাচনে প্রভাব সৃষ্টির জন্য তাঁর সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। মাঝারদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান হামিদ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহীনুর আলম বলেন, গ্রামগুলো পুরুষশূন্য হয়ে পড়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।