ইউপি নির্বাচনে প্রার্থীদের বাধা দিলে আইনি ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো প্রার্থীকে বাধা দেওয়া বা চাপ সৃষ্টি করে বসিয়ে দেওয়া যাবে না। প্রার্থীরা যাতে কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই নির্বাচনে অংশ নিতে পারেন, প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে। এর পরও কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।গতকাল মঙ্গলবার সাতক্ষীরা সার্কিট হাউস এবং গত সোমবার বাগেরহাটে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিইসি শামসুল হুদা এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ তাদের প্রয়োজনে সবচেয়ে কাছে পায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের। তাই এই নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।সিইসি শামসুল হুদা বলেন, সব দিক বিবেচনা করে মনে হয়েছে, শুধু সাতক্ষীরায় নয়, খুলনা ও বাগেরহাট জেলায়ও নির্বাচনের অনুকূল পরিবেশ রয়েছে। এই নির্বাচনে কোথাও সেনাবাহিনী নিয়োগ করা হবে না। তবে র্যাব, পুলিশ, আনসার ও ম্যাজিস্ট্রেট নিরাপত্তার দায়িত্বে থাকবেন।শামসুল হুদা বলেন, প্রার্থীরা একে অপরকে হয়রানি করার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলেন কি না, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। তাহলেই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব। ইউপি নির্বাচনকে জটিল নির্বাচন উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন করা কমিশনের একার কাজ হতে পারে না। এ জন্য প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বশীল মানুষের সহযোগিতা দরকার।