ইউপি নির্বাচনে বিজিবি থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যা ব ও আনসারের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করবে। গতকাল বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না।
২২ মার্চ প্রথম ধাপে ৭৩৯টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। এসব ইউপিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। নির্বাচনে বিজিবির কী পরিমাণ সদস্য দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে গতকাল বিজিবির কর্মকর্তাদের সঙ্গে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে।
মো. শাহনেওয়াজ বলেন, প্রথম ধাপে ৭৩৯টি ইউপিতে পৌনে সাত হাজারের মতো কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে শুধু পুলিশ, র্যা ব ও আনসার দিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সে জন্য বিজিবির দরকার হবে। নির্বাচনের আইনশৃঙ্খলা-বিষয়ক কমিশনের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, গত পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েন ছাড়াও নির্বাচন সুষ্ঠু হয়েছে। ইউপি নির্বাচনেও কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা নেই। কাজেই সেনাবাহিনীকে নিয়ে আসার কোনো কারণ নেই।