ইউপি নির্বাচনে বিভিন্ন স্থানে সহিংসতায় আহত ৯০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই ও নির্বাচনোত্তর সহিংসতার ঘটনা ঘটেছে। গত দুই দিনের এসব ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৯০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি স্থানে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: নীলফামারী: গতকাল রোববার একটি কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালে ইউপি সদস্যপ্রার্থী রশিদুল ইসলাম (ফুটবল) ও আক্কাছ আলী (ফ্যান) একত্র হয়ে ৫০-৬০ জন লোকসহ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ব্যালট বাক্সটি ছিনতাই করে। এ সময় লোকজন বাধা দিলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ছয়জন আহত হন। এ ঘটনায় পুলিশ রফিকুল (৩৫) ও জিয়ারুল (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান বলেন, ওই দুই ইউপি সদস্য পদপ্রার্থী তাঁদের পরাজয় নিশ্চিত জেনে এ ঘটনা ঘটিয়েছেন। গ্রেপ্তারকৃতরা তাঁদের সমর্থক এবং তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত। এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রণবানন্দ শাহ্ বাদী হয়ে নীলফামারী সদর থানায় মামলা করেছেন। লালপুর (নাটোর): গতকাল দুপুরে লালপুরের গোপালপুর বাজারে বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান ও গোপালপুর পৌরসভার চেয়ারম্যান মনজুরুল ইসলাম পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোপালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন। গত শনিবার এবি ইউনিয়নে নির্বাচন হয়। এতে আবেদ আলী (বিএনপি-সমর্থিত) নির্বাচিত ও মতিউর রহমান (চেয়ারম্যান-সমর্থিত) পরাজিত হন। গতকাল গোপালপুর রেলওয়ে স্টেশন-সংলগ্ন একটি হোটেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (৪৩), আবদুল আওয়াল (৩০), রমজান আলী (৪২), সেন্টু ফকির (৩৩) এবং পৌর চেয়ারম্যান পক্ষের জিয়া (২৮) ও নাহারুল (৩০) আহত হন।লালমনিরহাট: গত শনিবার পাটগ্রামের আটটি ইউনিয়নের মধ্যে চারটির পাঁচ কেন্দ্রের ফলাফল প্রকাশের পর ব্যালট পেপার-ভর্তি দুটি বাক্স ছিনতাই, সংঘর্ষ, সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশে পুলিশ সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ৬৮টি গুলি ও ১১টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পরাজিত প্রার্থীদের সমর্থকদের হামলায় মামুন অর রশিদ নামে এক নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার পুলিশ ও এক নারী আনসারসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন বলে জানা গেছে। এসব ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।এদিকে গতকাল দুুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বাউরা ইউনিয়নের পরাজিত ইউপি চেয়ারম্যান দুলাল বসুনিয়ার সর্মথকেরা হামলা চালিয়ে কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর এবং আসবাবপত্র তছনছ করে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৌলভীবাজার ও জুড়ী: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের রোকনপুর কেন্দ্রে গত শনিবার ভোট গণনা শেষে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ৩০টি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ২৫০ জনের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা হয়েছে।বড়লেখা থানার ওসি অমল কুমার ধর বলেন, ‘ভোট গণনা শেষ। এ সময় হঠাৎ করে রাম দা, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় ওরা। বাধ্য হয়ে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।’ গোপালগঞ্জ: শনিবার রাত সাড়ে নয়টার দিকে কোটালীপাড়ার হিরন ইউনিয়নের বর্ষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হয়। এ সময় এক পুলিশ পরিদর্শক ও দুই আনসার সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের দুটি গুলি ছোড়ে ও লাঠিপেটা করে। এদিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুখময় বাইনকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে। শনিবার রাত আটটার দিকে কোটালীপাড়ার ভেন্নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।