ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বৈধ অস্ত্রের গুলি অবৈধ অস্ত্রধারীদের হাতে গেছে বলে জানান চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, নির্বাচনে বৈধ অস্ত্রের গুলির অবৈধ ব্যবহারের তথ্যও রয়েছে পুলিশের কাছে। একজন জনপ্রতিনিধিসহ দুজনের বৈধ অস্ত্রের গুলি সন্ত্রাসীদের কাছে গেছে। এটি সবার জন্য উদ্বেগের। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবেন বলেও জানান তিনি।
গতকাল রোববার বেলা ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার এই তথ্য জানান। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ কে এম হাফিজ আক্তার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামে বৈধ অস্ত্রের গুলির অবৈধ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এটা সবার জন্য উদ্বেগের বিষয়। বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বৈধ অস্ত্রের গুলি কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে এর জবাবদিহি নেই বলেও মন্তব্য করেন তিনি। বৈধ অস্ত্রের গুলি সন্ত্রাসীদের কাছে বিক্রি করার অভিযোগ বিভিন্ন সময়ে পাওয়া যায় বলেও জানান পুলিশ সুপার।
হাফিজ আক্তার বলেন, লাইসেন্স থাকা অস্ত্রের গুলি যদি অবৈধভাবে কেউ ব্যবহার করে কিংবা লাইসেন্সধারী অস্ত্রের মালিক যদি অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের কাছে গুলি বিক্রি করেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির অস্ত্রের লাইসেন্স বাতিল ও অস্ত্র আইনে মামলা করার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনা নেওয়া হবে।
সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, পুলিশের তদন্তের ওপর ভিত্তি করে জেলা প্রশাসন অস্ত্রের লাইসেন্স দেয়। তবে অস্ত্র দেওয়ার আগে তদন্ত যদি আরও ভালো হয়, তাহলে বৈধ অস্ত্রের অপব্যবহার কমবে।
সভায় রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বলেন, গত দুই মাসে রাউজানে ৫০টি গরু চুরি হয়েছে। ওই সময় টহল পুলিশ কী করেছিল সে প্রশ্ন তোলেন তিনি।
কোথায় বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হয়েছে, সভা শেষে তা জানতে চাইলে এ কে এম হাফিজ আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কক্সবাজারের একটি বৈধ অস্ত্রের গুলি সাতকানিয়ায় এবং চট্টগ্রাম মহানগর এলাকার একটি বৈধ অস্ত্রের গুলি মিরসরাই এলাকায় সন্ত্রাসীদের কাছে গেছে। বৈধ অস্ত্র দুটি কার এবং কতটি গুলি সন্ত্রাসীদের কাছে গেছে এ প্রশ্নে তিনি বলেন, পুরো বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। এর বেশি কিছু তিনি বলতে চাননি।