ইউপি নির্বাচনে ভোট দিতে চান বিলুপ্ত ছিটমহলবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে চান লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সদ্য বিলুপ্ত ৫৫টি ছিটমহলের বাসিন্দারা।
একই সঙ্গে ভোটার তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচন পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন ছিটমহলবাসী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার অভ্যন্তরে সদ্য বিলুপ্ত ৫৯টি ছিটমহল রয়েছে। এর মধ্যে এ উপজেলায় ৫৫টি ছিটমহল রয়েছে। এর মধ্যে ১৯টিতে কোনো জনবসতি নেই। বাকি ৩৬টিতে লোকসংখ্যা ৯ হাজার ৬৪৫ জন। উপজেলার সাতটি ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছে এসব ছিটমহল।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত ছিটমহলের অধিবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেনি নির্বাচন কমিশন। তাই আসন্ন ইউপি নির্বাচনে তাঁরা ভোট দিতে পারবেন কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে। এ নিয়ে গত বৃহস্পতিবার ছিটমহলবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত করে ইউনিয়নগুলোর নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আবেদন করেছেন।
গতকাল শনিবার সরেজমিনে উপজেলার বাঁশকাটা, খড়খড়িয়া ও লতামারী ছিটমহলে গিয়ে কথা হয় বিভিন্ন বাসিন্দার সঙ্গে।
এ সময় বাঁশকাটা ছিটমহলের বাসিন্দা আফজাল হোসেন (৭১) বলেন, ‘ওমরালা ভোটের সময় ভোট দিবার যায়, আর হামরলা খালি দেখি। মনোত ভোট দিবার জাগে। এলা হামরাতো স্বাধীন হইছি সবেই পাইছি তা ভোট দিবার পামোনা কেন বাহে।’
ছিটমহলের আরেক বাসিন্দা লুৎফর রহমানের (৫০) চোখেমুখেও ফুটে উঠেছিল উচ্ছ্বাস। তিনি বলেন, ‘হামরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হইছি বাহে। এত দিন হইল ভোটারেই হইনি বলে চোখেমুখেও অন্ধকারের ছাপ ছিল। তাহলে কি হামরালা এলাও ভোট দিবা পাইমো না।’
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও নূর কুতুবুল আলম বলেন, তাৎক্ষণিক আবেদনপত্রের বিষয়টি জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনে নির্দেশনা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আজ রোববার ও কাল সোমবারের মধ্যে নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছি।’