ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে মিছিল

ভোট গ্রহণ চলা অবস্থায় কেন্দ্রের সামনে প্রার্থীদের পক্ষে পাল্টাপাল্টি মিছিল হয়েছে। কেন্দ্রের সামনের সড়ক ছিল মিছিলে মিছিলে একাকার।
এ দৃশ্য গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুটি কেন্দ্রে দেখা গেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বানিয়ারচালা কেন্দ্রের সামনে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা মিছিল করে। মোরগ মার্কায় সাধারণ সদস্য পদপ্রার্থী রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য খেজুরগাছ মার্কার প্রার্থী জাহানারা আক্তার, ফুটবল মার্কার সাধারণ সদস্য প্রার্থী আতাব উদ্দিন ও তালা-চাবি মার্কার আলাল উদ্দিনের লোকজন মিছিল করে। প্রথমে মোরগ মার্কার পক্ষে অন্তত ১০০ জন মিছিল নিয়ে মেম্বারবাড়ি বাজার থেকে কেন্দ্রের সামনে দিয়ে ৫০০ গজ পশ্চিমে গিয়ে পরে আবারও মিছিল করতে করতে মেম্বারবাড়ি বাজারে পৌঁছায়। এ সময় অন্য প্রার্থীরাও দলবদ্ধ হয়ে মিছিলে নামতে থাকেন। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওই সড়কজুড়ে মিছিল চলে।
এ ছাড়া বাঘেরবাজার উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা সোয়া ১১টায় প্রার্থীদের পক্ষে মিছিল করতে দেখা যায়।
এ বিষয়ে তিনটি কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত রিটার্নিং কর্মকর্তা মো. আছলাম প্রথম আলোকে জানান, নির্বাচনী এলাকায় মিছিল-মিটিং করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে। নির্বাচনের ৭২ ঘণ্টা আগে থেকেই সব ধরনের সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। ভোট গ্রহণ চলার সময় কোথাও মিছিল হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।