ইউপি নির্বাচনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির প্রচারণা!
বগুড়ার ধুনটের মধুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিউর রহমান ওরফে জ্যোতি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ করছেন। ২৪ বছর আগে নাটোরের গুরুদাসপুর থানায় হামলা চালিয়ে পুলিশ খুন করে অস্ত্রলুটের ঘটনায় করা মামলায় তাঁকে আসামি করা হয়। এ মামলার রায়ে ২০০৬ সালে তাঁর যাবজ্জীবন সাজা হয়। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার প্রতাব খাদুলী গ্রামের মৃত মোজাফ্ফর রহমানের ছেলে শফিউর রহমান আশির দশকে চরমপন্থী দলে যোগ দেন। তিনি উত্তরাঞ্চলীয় জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ও তাঁর সহযোগীরা ১৯৮৭ সালের ২৪ ফেব্রুয়ারি বিকেলে নাটোরের গুরুদাসপুর থানায় হামলা চালান। এ সময় তাঁরা পুলিশের ছয়জন সদস্যকে খুন করে নয়টি অস্ত্র লুট করেন। ঘটনায় গুরুদাসপুর থানায় ২৪ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে শফিউরসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ১৯৯০ সালের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৬ সালের আগস্টে নাটোর জেলা জজ আদালত মামলার রায় দেন। রায়ে শফিউরসহ সব আসামির যাবজ্জীবন সাজা হয়। বিচার চলাকালীন তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে ওই সময় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর তিনি আত্মগোপন করেন। কিন্তু দুই মাস ধরে তিনি এলাকায় ফিরে এসে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম জানান, শফিউর একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি নির্বাচন সামনে রেখে এলাকায় এসে গণসংযোগ করছেন। এর আগেও তিনি মাঝেমধ্যে এলাকায় আসতেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা জানান, শেরপুরে একটি ভিআইপি হোটেলে শফিউরের নির্বাচনী পরামর্শবিষয়ক বৈঠক হয়। হোটেলের একাধিক কর্মচারী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া প্রায় এক মাস আগে এক রাতে নিশ্চিন্তপুর স্কুলমাঠে গণসংযোগকালে পুলিশ তাঁকে ধরার জন্য অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। এক সপ্তাহ আগে গোপালপুর খাদুলী চারমাথা এলাকায় ব্যবসায়ীদের নিয়ে তিনি একটি বৈঠক করেছেন। বিএনপির স্থানীয় এক নেতা গণসংযোগের সত্যতা নিশ্চিত করেছেন। শফিউর রহমান গণসংযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। একসময় এলাকার প্রভাবশালী ব্যক্তিদের হাত থেকে আত্মরক্ষার জন্যই আমি চরমপন্থী দলে যোগ দিয়েছিলাম। কিন্তু কখনো মানুষের ক্ষতি করি নাই। ১৯৯৪ সালে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসে বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছিলাম। সাজার রায় শোনার পর পালিয়ে যাই। কয়েক দিনের মধ্যে আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করব।’ ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিউর রহমান এলাকায় আসার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়েই তিনি পালিয়ে গেছেন।