ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থী সঞ্জয় রায় পোদ্দার নির্বাচনের দিন অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলাদাউদপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সঞ্জয় রায় পোদ্দার লিখিত বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের উচিত নির্বাচনের দিন অবাধ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করা। কারণ চান্দুরা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম চৌধুরী তাঁর কর্মী-সমর্থক, সাধারণ ভোটার ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।
আওয়ামী লীগের প্রার্থী শামীম চৌধুরী সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁরা আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন।’
আগামীকাল শনিবার চতুর্থ ধাপে বিজয়নগর উপজেলার চান্দুরাসহ ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।