ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোট। সংগঠন দুটি এসব হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে।
গতকাল শুক্রবার পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় পরিষদের বর্ধিত সভায় এবং জাতীয় হিন্দু মহাজোট জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করে। সংগঠন দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগের কথা জানায়।
পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ঢাকেশ্বরী মন্দিরের মেলাঙ্গনে। এতে বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে হিন্দুদের ওপর হামলা-নির্যাতনের ঘটনা এ সম্প্রদায়ের মানুষকে উদ্বিগ্ন ও আতঙ্কিত করেছে। বক্তারা হামলাকারীদের শাস্তি ও আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
এ ছাড়া বিভিন্ন জেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথিত অভিযোগে হিন্দু শিক্ষকদের লাঞ্ছিত, চাকরিচ্যুত ও দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বলে সভায় অভিযোগ করা হয়। তাঁরা নারায়ণগঞ্জে প্রধান শিক্ষককে লাঞ্ছনাকারী জনপ্রতিনিধির বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণ এবং বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যাঁরা শিক্ষকদের শাস্তি দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরিষদের সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নিমচন্দ্র ভৌমিক, রানা দাশগুপ্ত, তাপস কুমার পাল প্রমুখ।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এভাবে চলতে থাকলে আগামী নির্বাচনগুলোতে হিন্দুরা ভোটকেন্দ্রে যাবেন কি না, সেটা তাঁরা ভেবে দেখবেন। সরকার যদি আগের নির্যাতনের ঘটনাগুলোর বিচার না করে এবং এরপরও যদি হিন্দু নির্যাতন হয়, তাহলে ঈদের পরে আন্দোলনের হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে। হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আনন্দ বিশ্বাস, সুকৃতি কুমার মণ্ডল, পলাশ কান্তি দে প্রমুখ। বিজ্ঞপ্তি।