আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে না। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল বৃহস্পতিবার ‘ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ’-বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী প্রতিবছর ১ থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার কথা। নির্বাচন কমিশন সর্বশেষ ২০০৯ সালে ভোটার তালিকা হালনাগাদ করেছে। সেই তালিকার ওপর ভিত্তি করে আগামী মার্চ ও মে মাসে দুই পর্বে ইউপি নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে কমিশন।এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘জানুয়ারিতে পৌরসভা নির্বাচন ছিল, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা, মার্চে আদমশুমারি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হবে। এ কারণে ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় পরে ভোটার তালিকা হালনাগাদ হলে তা নিয়ে কোনো আইনি সমস্যা হবে না।’ তিনি বলেন, আগেরবার প্রার্থী হওয়ার নাম করে অনেকে একাধিকবার ভোটার ঠিকানা স্থানান্তর করেছেন। এ কারণে ইউপি নির্বাচনের আগে ভোটার ঠিকানা স্থানান্তরের সুযোগ দেওয়া হবে না।সাখাওয়াত জানান, তবে হালনাগাদ না হলেও ইউপি নির্বাচনের আগে প্রবাসীরা ভোটার হতে পারবেন।গত ডিসেম্বরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সুযোগ রেখে ভোটার তালিকা আইন ২০০৯ সংশোধন করা হয়েছে।