ইউপি নির্বাচনের জন্য আচরণবিধি করেছে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী আচরণ বিধিমালা তৈরি করা হয়েছে। এতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানে অনেক বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, কোনো অনিয়ম হলে প্রয়োজনে দুই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তা ছাড়া এবার থেকে নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক মাঠপর্যায়ে কাজ করবেন। বিচারিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচন তদারক করবেন।এম সাখাওয়াত হোসেন বলেন, প্রচারণার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারসহ সমমর্যাদার কেউ নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নিতে পারবেন না। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনসভা বা মিছিল করা যাবে না। শুধু পথসভা করা যাবে। চেয়ারম্যান প্রার্থীরা একটি ভোটকেন্দ্রে একটি এবং সদস্য প্রার্থীরা প্রতি ওয়ার্ডে একটি নির্বাচনী কার্যালয় করতে পারবেন। চেয়ারম্যান প্রার্থীদের সর্বোচ্চ ব্যয় পাঁচ লাখ এবং সদস্য প্রার্থীদের সর্বোচ্চ ব্যয় এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ব্যয়ের জন্য নির্ধারিত অর্থ নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে খরচ করতে হবে।