ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা দু-এক দিনের মধ্যেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-এক দিনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ইউপি নির্বাচন উপলক্ষে গতকাল নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এই বৈঠক শেষে ছহুল হোসাইন বলেন, প্রথম ধাপে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় উপজেলাগুলোয় ইউপি নির্বাচন হবে। এ জন্য দু-এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। সবকিছু গুছিয়ে আনা সম্ভব হলে আজ বুধবারই তফসিল ঘোষণা করা হতে পারে।এরপর কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, প্রথম ধাপে মার্চ মাসের শেষের দিকে উপকূলীয় এলাকার অন্তত ৯০ উপজেলার প্রায় ৪০০ ইউপিতে নির্বাচন হবে। আগামী মে মাসে বিভাগওয়ারি সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন সূত্র জানিয়েছে, চলতি মাসে এসএসসি পরীক্ষা এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা থাকায় দুই ধাপে ইউপি নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে চট্টগ্রাম, খুলনা ও বরিশালের উপকূলীয় উপজেলাগুলোয় নির্বাচন হবে। গতকাল কমিশনে অনুষ্ঠিত ইউপি নির্বাচনসম্পর্কিত আইনশৃঙ্খলা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। এম সাখাওয়াত হোসেন জানান, ইউপি নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না।রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক কাল: আসন্ন ইউপি নির্বাচন নির্দলীয় ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবে। এ জন্য আগামীকাল বৃহস্পতিবার কমিশন দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে। এ কারণে কমিশন থেকে দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এম সাখাওয়াত হোসেন জানান, কমিশন সকাল সাড়ে নয়টায় ক্ষমতাসীন মহাজোটের সঙ্গে ও বিকেল সাড়ে তিনটায় বিরোধীদলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবে। জোটের বাইরের একমাত্র দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিকেও (এলডিপি) মহাজোটের সঙ্গে আসার জন্য বলা হয়েছে। বিএনপির সঙ্গে যেতে জামায়াতের অনীহা: জামায়াতে ইসলামী জোটগতভাবে আলোচনায় অংশ নিতে অনীহা প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। দলটির আইনবিষয়ক সম্পাদক জসিমউদ্দিন সরকার কমিশন সচিবের কাছে জামায়াতের চিঠি পাঠান। এতে তাঁরা পৃথকভাবে আমন্ত্রণ পাঠানোর জন্য কমিশনকে অনুরোধ জানিয়েছেন। সূত্র জানিয়েছে, বিএনপিকে যে চিঠি দেওয়া হয়েছে, আমন্ত্রণপত্র হিসেবে একই চিঠির অনুলিপি জামায়াতকেও পাঠানো হয়েছে।