ইউপি নির্বাচনের দাবিতে বিক্ষোভ সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দাবিতে এলাকাবাসী গতকাল মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন। সাধারণ ভোটার ও সম্ভাব্য প্রার্থীরা ইউনিয়ন পরিষদ চত্বরে মিলিত হয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা সংবাদ সম্মেলনে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মাসুদ পারভেজ। বক্তব্যে উল্লেখ করা হয়, বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টির নির্বাচন সম্পন্ন হয়েছে। কিন্তু সব ব্যবস্থা অনুকূলে থাকার পরও ৫ নম্বর দুর্গাপাশা ইউপি নির্বাচন হয়নি। এ ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের কিছু জায়গা নদীভাঙনে বিলীন হলে সীমানা চিহ্নিত ও ভোটকেন্দ্র নির্ধারণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নতুন সীমানা নির্ধারণ ও নতুন ভোটার তালিকা প্রণয়ন করেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ভোটার তালিকা এবং সীমানা নির্ধারণ করা হলেও দলিলপত্র তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা গেজেট প্রকাশের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করেননি। তাই গেজেট না হওয়ায় আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব হয়নি। আমরা নির্দেশনা পেলেই নির্বাচন করার চেষ্টা করব।’