ইউপি নির্বাচনের দাবিতে সাঘাটায় হরতাল
গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা বন্দরে গতকাল বুধবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। এ সময় অফিস, স্কুল-কলেজ, দোকানপাট, ব্যাংক, বিমাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দাবিতে ঘুড়িদহ ইউনিয়ন নাগরিক কমিটি এই কর্মসূচি পালন করে। হরতাল শেষে সাঘাটা বন্দরের চৌরাস্তা মোড়ে এক সমাবেশে বক্তব্য দেন ঘুড়িদহ নাগরিক কমিটির আহ্বায়ক সেলিম আহম্মেদ, শাহ আলম মণ্ডল, আবুল কালাম আজাদ, মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সাঘাটার ১০টি মধ্যে নয়টি ইউনিয়নের নির্বাচন আগামী ৫ জুন। কিন্তু ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ইউনিয়নের কয়েকটি মৌজা যমুনায় বিলীন হওয়ার মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করলে নির্বাচন স্থগিত হয়। ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো মৌজা নদীতে বিলীন হলে সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন করতে হবে। তাই নির্বাচন অফিসে আবেদন করি।’