ইউপি নির্বাচনের দুটি ধাপ প্রশ্নবিদ্ধ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে গণতন্ত্র রক্ষা এবং নির্বাচন ব্যবস্থাকে টেকসই করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দলীয় প্রতীকে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুটি ধাপ প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের আন্তর্জাতিক মানদণ্ড প্রতিপালিত হয়নি। 

আজ শনিবার দুপুরে সুজন ও হাঙ্গার প্রজেক্টের যৌথ আয়োজনে রংপুরের স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘পিপলস অ্যাগেইনস্ট ভায়োলেন্স ইন ইলেকশন’ শীর্ষক বিষয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ইউপি নির্বাচনে সহিংসতা হওয়ার কারণে শান্তি বিঘ্নিত হয়েছে—যা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কাম্য নয় এবং দেশের শান্তি বিরাজ ও অগ্রগতির ক্ষেত্রে অন্তরায়। তিনি সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী ও নির্বাচন কমিশনকে আরও কঠোর, শক্তিশালী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, নেতৃত্বের গুণের অভাবে নির্বাচনী সহিংসতার মূল কারণ। এ জন্য রাজনীতিতে ঐক্যের চর্চা দরকার।
সততার রাজনীতি করার আহ্বান জানিয়ে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন বলেন, যে উদ্দেশ্য ও লক্ষ নিয়ে দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীনের পরে সেই চেতনার চর্চা না থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না।
কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি শাহাদত হোসেন বলেন, দেশে স্বচ্ছতার রাজনীতি নেই বললেই চলে। দুর্নীতি রাজনীতির তৃণমূল পর্যন্ত চলে গেছে। বড় দুই দলের কারণে ইউপি নির্বাচনে সহিংসতা হয়েছে।
সুজন জেলা শাখার সহসভাপতি খন্দকার ফখরুল আনামের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মুক্ত আলোচনায় আরও অংশ নেন জেলা জাপার সদস্যসচিব সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল ইসলাম হক্কানী, সুজনের জেলা সম্পাদক আকবর হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ প্রমুখ। বৈঠকে বিভিন্ন শ্রেণিপেশার পেশাজীবী ও কর্মজীবী নাগরিকেরা অংশ নিয়েছেন।