ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ফলকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। ইতিমধ্যে শেষ হওয়া দুই ধাপের নির্বাচনের ফল পর্যালোচনা করে এই কথা বলেছে সুজন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল মঙ্গলবার সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। লিখিত বক্তব্যে বলা হয়, দুই ধাপে ১ হাজার ২১৭টি ইউপিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ গড়ে ৫০.৯৬ শতাংশ ভোট পেয়েছে। বাকিরা পেয়েছে ৩০ শতাংশ ভোট। ১৮৩ ইউপিতে আওয়ামী লীগের পাওয়া ভোটের হার ৮০ শতাংশের ওপর। তার মধ্যে ৮৪টিতে ৯০ শতাংশেরও ওপরে। দুটিতে তারা ৯৯ শতাংশের বেশি ভোট পেয়েছে। অন্যদিকে ৩৯৪টি ইউপিতে বিএনপির পাওয়া ভোটের হার ১০ শতাংশেরও কম। ৪১টিতে তারা ১ শতাংশ ভোটও পায়নি। নির্বাচনের এই ফল অবিশ্বাস্য ও বিস্ময়কর।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের দায়িত্ব বেশি। যেকোনো মূল্যে জেতার মনোভাব পরিহার করতে হবে। মনে রাখতে হবে, ইউপি নির্বাচনে হারলেও সরকারের পতন ঘটবে না।
সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এবারের নির্বাচনে এমন কিছু ঘটছে, যা অতীতে ঘটেনি। প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা হচ্ছে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন চায় না। স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষমতা তাদের আছে। কিন্তু অযোগ্যতা ও অদক্ষতার কারণে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হচ্ছে। তাই তাদের সরে দাঁড়ানো উচিত।
সংবাদ সম্মেলনে গণমাধ্যম বিশ্লেষক মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, সরকার ও নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। কিন্তু গণমাধ্যমে সুষ্ঠু নির্বাচনের কোনো কাহিনি দেখা যাচ্ছে না। তাহলে কার কথা সত্য? গণমাধ্যমের সংবাদ কি অসত্য হতে পারে?