ইউপি প্রত্যয়নপত্র নিতে লাখ টাকা ঘুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

সরকারিভাবে মালয়েশিয়াগামী প্রার্থীদের প্রত্যয়নপত্র নেওয়ার জন্য মেহেরপুরের গাংনী উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে ঘুষ দিতে হচ্ছে। ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ওসমান আলীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, আবদুর রাজ্জাক ও ওসমান আলী প্রত্যয়নপত্র দেওয়ার জন্য এক লাখ টাকা করে ঘুষ চেয়েছেন। কারও কারও কাছ থেকে ৩০ থেকে ৫০ হাজার টাকা করে ইতিমধ্যে তাঁরা হাতিয়েও নিয়েছেন।
ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামের আলাউদ্দিনের ছেলে লিখন মিয়া (২৩) জানান, তিনি কম খরচে সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়েছেন। এ মাসেই খুলনায় প্রশিক্ষণ শুরু হবে। এ ক্ষেত্রে ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন করা চারিত্রিক সনদপত্র লাগে। ২০ দিন আগে সেটি নিতে গেলে চেয়ারম্যান তাঁর কাছে এক লাখ টাকা ঘুষ চান।

লিখন মিয়া বলেন, তিনি ৩০ হাজার টাকা দেওয়ার পর চেয়ারম্যান ১ নম্বর ওয়ার্ডের সদস্য ওসমান আলীর মাধ্যমে পুরো এক লাখ টাকা দাবি করেন। না দিলে প্রত্যয়নপত্র দেওয়া হবে না বলে জানান।
একই ইউনিয়নের জালশুকা গ্রামের আরিফুল ইসলাম (১৯), জসিম উদ্দিন (২৩), শানঘাট গ্রামের শামসুল আলম (২১), ধানখোলা গ্রামের মজনু বিশ্বাস (২২) অভিযোগ করেন, তাঁরাসহ ওই ইউনিয়নের তালিকাভুক্ত ১১ জন যুবকের মধ্যে নয়জনকে ৫০ হাজার টাকা করে চেয়ারম্যানকে ঘুষ দিয়ে প্রত্যয়নপত্র নিতে হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সালাম জানান, ৩০ হাজার টাকা দেওয়ার পরও মালয়েশিয়াগামী লিখন মিয়াকে ইউপি চেয়ারম্যান প্রত্যয়নপত্র দিচ্ছিলেন না অভিযোগটি সত্য। ইউএনও বলেন, তিনি সেই ইউপি সদস্যকে ডেকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করার হুমকি দেওয়ার পরে লিখনের প্রত্যয়নপত্র পাওয়া গেছে। তিনি বলেন, এটি খুবই দুঃখজনক। তিনি ঘুষের টাকা ফেরত দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যকে নির্দেশ দিয়েছেন বলে জানান।
মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন জানান, ৩০-৪০ হাজার টাকা দিয়েও প্রত্যয়নপত্র না পাওয়ার পর প্রার্থীরা অভিযোগ নিয়ে আসছেন। অভিযোগটি আগে পেলে প্রশাসন ঘুষ ছাড়াই প্রত্যয়নপত্র দেওয়ার ব্যবস্থা করত। জেলায় এবার ১৮৫ জন সরকারিভাবে মালয়েশিয়া যাবেন। এ ক্ষেত্রে কোথাও ঘুষ না দিতে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে। তার পরও কিছু ইউপি চেয়ারম্যান, মেম্বার এই দুর্নীতি করছেন। বেশির ভাগ অভিযোগ প্রশাসনের নজরে না আসায় প্রার্থীদের কাছ থেকে কয়েকজন ইউপি চেয়ারম্যান প্রত্যয়নপত্রের নামে লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।
ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, মালয়েশিয়া যাওয়া প্রার্থীদের কাছ থেকে তাঁর ঘুষ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি টাকা নেন না, বরং মানুষকে টাকা দেন। তিনি বলেন, ‘আমি সরকারি দল করি। তাই ঘুষ তো দূরের কথা, কারও সঙ্গে চড়া গলায় কথাও বলি না।’
এ ব্যাপারে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ওসমান আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিষয়টি মিটমাট হয়ে গেছে।’ তবে কীভাবে মিটমাট হয়েছে, সে ব্যাপারে তিনি মুখ খুলতে রাজি হননি।