ইউপি ভবন না থাকায় মিলছে না সেবা
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছয়টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন নেই। এ কারণে এসব ইউনিয়নের বাসিন্দারা যথাযথ সেবা পাচ্ছে না। কখনো চেয়ারম্যানের বাড়িতে অথবা অস্থায়ী কার্যালয়ে এসে সেবা নিতে গিয়ে দুর্ভোগ পোহায় তারা।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে চারটি পুরোপুরি এবং দুটির আংশিক চরাঞ্চলে পড়েছে। চরের চারটি ইউনিয়ন হলো—চালুয়াবাড়ি, কাজলা, কর্ণীবাড়ি ও বোহাইল। অন্য দুটি হলো, চন্দনবাইশা ও সারিয়াকান্দি সদর। স্থানীয় সূত্রে জানা গেছে, চালুয়াবাড়ি, কাজলা, কর্ণীবাড়ি ও বোহাইল ইউনিয়নের কোনোটিতেই ইউপি ভবন নেই। ইউপির কার্যক্রম চালানোর মতো ঘরও নেই। যিনি যখন চেয়ারম্যান নির্বাচিত হন, তখন তাঁর বাড়ি অথবা পছন্দের স্থানে ইউপি কার্যালয় বানিয়ে কাজ চালান।বর্তমানে চালুয়াবাড়ি ইউনিয়নের কার্যক্রম চালানো হচ্ছে চেয়ারম্যানের বাড়ি শিমুলতাইর গ্রামে। এর আগে সাবেক চেয়ারম্যানের বাড়ি মানিকদাইড়ে কার্যক্রম চালানো হতো।চন্দনবাইশা ও সারিয়াকান্দি সদর ইউনিয়নে আধুনিক ইউপি ভবন নেই। তবে পুরাতন কার্যালয়েই জোড়াতালি দিয়ে কাজ চালানো হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জন্মনিবন্ধন ও নাগরিকত্ব সনদ, প্রশংসাপত্র, ভিজিডির চাল নেওয়ার জন্য মানুষ ইউপি ভবনে আসে। ভিজিডি এবং বয়স্ক ও বিধবা ভাতার কার্ডও ইউপি ভবন থেকে দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, আধুনিক ইউপি ভবনে কৃষি, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পরিবার পরিকল্পনা, ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের বসার ব্যবস্থা থাকে। তাঁদের কাছে এসে মানুষ নানা ধরনের সেবা নেয়। কিন্তু চরে ইউপি ভবন না থাকায় কর্মকর্তারা সেখানে যেতে পারেন না। বোহাইল ইউনিয়নের শংকরপুর চরের বেলাল হোসেন বলেন, ‘আমার ছলের (ছেলে) জন্নি একটা সার্টিফিকেট লেওয়ার জন্য চেয়ারম্যানের কাছি সাত দিন ঘুরে কাগজ পাছি। এলাকায় যে গম-চাল দেয়, সেগুলার কোনো খবর হামরা পাই না।’কর্ণীবাড়ি ইউপি চেয়ারম্যান আজাহার আলী মণ্ডল বলেন, ‘আমার ইউনিয়নের অধিকাংশ মানুষ চরে বাস করে। পরিষদে আসতে হলে নদী পাড়ি দিয়ে আসতে হয়। চরে ইউপি ভবন নির্মিত হলে জনগণের সেবা পেতে সুবিধা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খান বলেন, স্থায়ী ভবন না থাকায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাজ করতে অসুবিধা হচ্ছে। ইতিমধ্যেই চালুয়াবাড়ি ও কাজলা ইউপির নামে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।