ইউপি ভবন না থাকায় মিলছে না সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমের মধ্যে গত মঙ্গলবার দুপুরে মোকামতলা উচ্চবিদ্যালয়ের মাঠের এক কোণে কিছু মানুষের জটলা। ভিড় ঠেলে এগোতেই চোখে পড়ে চেয়ারম্যান ওই এলাকায় টাকা নিয়ে সৃষ্ট দুই পক্ষের দ্বন্দ্বের মীমাংসা করতে বসেছেন। সবাই গরমে কাহিল।মাঠের মধ্যে এভাবে দরবার কেন, জিজ্ঞেস করতেই চেয়ারম্যান মারুফ রহমান জানালেন, এত মানুষ বসার জায়গা নেই পরিষদের ছাপরা ঘরে। তাই বাধ্য হয়েই তিনি মাঠে দরবার করছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নেই আধুনিক ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন থাকলেও শুধু মোকামতলা ইউপির কোনো ভবন নেই। জায়গার মালিকানা-সংক্রান্ত জটিলতার কারণে নতুন ভবনের নির্মাণকাজ থমকে আছে পাঁচ বছর ধরে। ফলে ওই ইউপির স্বাভাবিক কাজকর্ম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে। ইউপির বাসিন্দারা যথাযথ সেবা পাচ্ছে না। কখনো খোলা মাঠে, কখনো অস্থায়ী এক কামরার কার্যালয়ে এসে সেবা নিতে গিয়ে দুর্ভোগ পোহায় তারা। ইউপি সূত্রে জানা যায়, ২০০৭ সালে নতুন ভবন নির্মাণ করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৩৫ লাখ টাকা ব্যয় ধরে মোকামতলা ইউপির নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই বছরের ১৫ মে আগের ইউপি ভবনের সামনে ৫১ শতক জায়গার ওপর নতুন ভবন নির্মাণকাজের ভিত্তি স্থাপন করা হয়। এরপর কিছু কাজও হয়। কিন্তু মোকামতলা উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ ভবনের জায়গাটি নিজেদের দাবি করে আদালতে মামলা করে। এতে ঠিকাদার ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেন। এদিকে নতুন ভবন নির্মাণের দরপত্র আহ্বানের পর পুরোনো ভবনটি ভেঙে ফেলা হয়। ফলে নতুন ভবনের নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ার পর ইউপির বিভিন্ন কাজ পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমানে ছোট্ট এই ঘরে একজন চেয়ারম্যান, ১২ জন সদস্য, একজন আদায়কারী ও একজন সচিবকে বসতে হয়। ইউপিতে আছেন গ্রাম পুলিশের ১২ জন সদস্য। তাঁদের ঘরে বসার সুযোগ নেই। বৃষ্টি এলে কাগজপত্র নষ্ট হয়। তাই অনেক যত্নে কাগজপত্র আগলে রাখতে হয়।চেয়ারম্যান মারুফ রহমান জানান, ভবন না থাকায় ইউপিবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয় পক্ষ থেকে মামলাটি তুলে নিয়ে ভবন নির্মাণের সুযোগ দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। মোকামতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, ইউপির নতুন ভবন করার জন্য মন্ত্রণালয় থেকে মূল কাগজপত্র দেখতে চাইলে পরিষদ তা দেখাতে ব্যর্থ হয়। উপজেলা প্রকৌশলী শামসুল আলম জানান, নির্মিত ভবনের জায়গা নিয়ে জটিলতার কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে। আদালতের রায়ের পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।