ইউপি ভবনে পুলিশ তদন্ত কেন্দ্র, ভোগান্তি সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম চলছে লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে। একই ভবনে উভয় কার্যালয়ের কার্যক্রম চলায় কক্ষের অভাবে পুলিশের সদস্যদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তা ছাড়া ব্যাহত হচ্ছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।
সরেজমিনে দেখা গেছে, লাহুড়িয়ার কালীগঞ্জ বাজারে পুরোনো একতলা ইউপি ভবনে গত বছরের জুলাই থেকে চলছে পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম। পুলিশের ১৫ জন সদস্য এখানে থাকেন। এই ভবনে চারটি কক্ষ। বড় কক্ষটিতে ইউপির কিছু চেয়ার-টেবিল রয়ে গেছে। এই কক্ষেই বসবাস করেন পুলিশের ১৪ জন সদস্য। আরেকটি ছোট কক্ষে থাকেন একজন উপপরিদর্শক। এই কক্ষেই পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যালয়। অন্য দুটি ছোট কক্ষে চলে ইউপির কার্যক্রম। একটি কক্ষে বসেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। আরেকটিতে ইউপি কার্যালয়ের কার্যক্রম চলে। যে কক্ষে পুলিশের ১৪ জন সদস্য থাকেন, সেখানে গিয়ে দেখা গেছে, একটি খাট ঘেঁষে আরেকটি খাট বসানো হয়েছে। নিজের খাট থেকে নামতে অন্যের খাটের ওপর দিয়ে যেতে হয়। এই কক্ষে টেবিলের ওপর থাকেন পুলিশের একজন কনস্টেবল।
পুলিশ কনস্টেবল মাইনুল ইসলাম বলেন, ‘একটি কক্ষে এভাবে গাদাগাদি করে বসবাস করা খুবই কষ্টকর। তীব্র গরম, প্রয়োজনীয়সংখ্যক ফ্যান নেই। কক্ষে রাতে ঠিকমতো ঘুম হয় না। দিনের বেলায় তো বাইরেই বসে থাকি।’ আরেক কনস্টেবল মহানন্দ রায় জানান, এই ভবনের পাশেই রয়েছে একটি নলকূপ ও দুটি শৌচাগার। এটি পুলিশের সদস্যরা ছাড়াও ইউনিয়ন পরিষদে আসা লোকজন ও বাজারের লোকজন ব্যবহার করেন। একটু দূরে পরিত্যক্ত রান্নাঘর। বৃষ্টি হলে সেখানে রান্না করা যায় না।
তদন্ত কেন্দ্রের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মিলন কুমার ঘোষ বলেন, ‘এই ভবনের সীমানাপ্রচীর না থাকায় এবং এখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলায় লোকজন অবাধে আসা-যাওয়া করেন। তাই এখানে নিরাপত্তাহীনতা রয়েছে। অস্ত্রাগার না থাকায় প্রত্যেকের অস্ত্র সব সময় নিজের কাছেই রাখতে হয়। হাজতখানা না থাকায় আসামি ধরলে ২০ কিলোমিটার দূরে লোহাগড়া থানায় নিয়ে রেখে আসতে হয়। এককথায় পুলিশের সদস্যদের যেমন মানবেতর জীবন যাপন করতে হচ্ছে, আবার নিরাপত্তাহীনতাও রয়েছে।’
ইউপি চেয়ারম্যান জি এম নজরুল ইসলাম বলেন, ‘পুলিশের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের নিরাপত্তাহীনতাও রয়েছে। পাশাপাশি কক্ষের অভাবে পরিষদের মাসিক সভা করা যাচ্ছে না। গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, সালিস-বৈঠক করা, বিভিন্ন মাল বিতরণসহ ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, ‘এসব সমস্যা সমাধানের জন্য পুলিশের আলাদা ভবন দরকার। পুলিশ তদন্ত কেন্দ্রের জন্য নতুন ভবন তৈরির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তবে এটি সময়সাপেক্ষ।’