ইউপি ভবনে সেই স্কুলের কার্যক্রম বন্ধ
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে তিন-চার মাস ধরে একটি কিন্ডারগার্টেন স্কুলের কার্যক্রম চলে আসছিল। সরকারি নির্দেশ উপেক্ষা করে ভবনের দুটি কক্ষে কথা-মণি কিন্ডারগার্টেন নামের ওই স্কুল পরিচালনার অনুমতি দিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক। এ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর গতকাল রোববার রাতে উপজেলা প্রশাসন ওই স্কুলের কার্যক্রম বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো ইউপি ভবনে কিন্ডারগার্টেন স্কুলের কার্যক্রম চলতে পারে না। এ কারণে তা বন্ধ করে দেওয়া হয়েছে।’
আজ সোমবার সরেজমিনে দেখা যায়, ইউপি ভবনের সামনের মাঠে, ভবনের দেয়াল ও রেলিং থেকে কথা-মণি কিন্ডারগার্টেনের সাইনবোর্ড ও ব্যানার সরিয়ে ফেলা হয়েছে।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের অনুমতি নিয়ে ইউপি ভবনে কিন্ডারগার্টেনের কার্যক্রম শুরু করেছিলেন মো. ফয়েজ উদ্দিন (২৫) নামের এক যুবক। ইউপি চেয়ারম্যান অনুমতি দেওয়ার কথা স্বীকারও করেছেন।
আরও পড়ুন:
ইউপি ভবনে স্কুল!