ইউপি ভবনের জায়গা নিয়ে জটিলতা
জমিসংক্রান্ত জটিলতার কারণে প্রায় তিন বছর ধরে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদের নতুন ভবনের নির্মাণকাজ ঝুলে আছে।
জানা যায়, হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ২০১০ সালের জানুয়ারিতে তা ভেঙে ফেলা হয়। পরিষদের জন্য আরেকটি ভবন নির্মাণের জন্য প্রকৌশল অধিদপ্তর ২০১০-১১ অর্থবছরে প্রায় ৭৭ লাখ টাকা বরাদ্দ দেয়। পরে দরপত্রের মাধ্যমে ওই ভবন নির্মাণের দায়িত্ব পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী ২০১১ সালের ৩০ মের মধ্যে ভবনের কাজ শেষ করার কথা। কিন্তু পরিষদের ভবন নির্মাণের জন্য নির্ধারিত জায়গা নিয়ে জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত পরিষদের জমি নিয়ে স্থানীয় লোকজনের আপত্তি থাকায় ঠিকাদার কাজ শুরু করতে পারেনি। ফলে প্রায় তিন বছর ধরে ঝুলে আছে ওই ভবনের নির্মাণকাজ।
হোয়ানক ইউপি চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী বলেন, ভবন করার জন্য আবার জমি নির্ধারণের কাজ চলছে।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন বলেন, জমি নিয়ে জটিলতার কারণে ওই ভবনের নির্মাণকাজ করা সম্ভব হয়নি। তাই দরপত্র বাতিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।