ইউপি মিলনায়তন দখল করে গুদাম!
বান্দরবানের আলীকদম সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) মিলনায়তন চেয়ারম্যানের বড় ভাই প্রায় তিন বছর ধরে মালের গুদাম বানিয়ে দখল করে রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে একদিকে ইউনিয়ন পরিষদের সরকারি সভা-সমেঞ্চলন বন্ধ হয়ে গেছে, অন্যদিকে বেসরকারি সভা-সেমিনারের জন্য ভাড়া দিতে না পেরে পরিষদ আর্থিক ক্ষতির শিকার হচ্ছে। আলীকদম সদর ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর বলেছেন, মিলনায়তনটি সভা-সেমিনারের জন্য দৈনিক এক হাজার ২০০ টাকায় ভাড়া দেওয়া সম্ভব। কিন্তু চেয়ারম্যান জামাল উদ্দিনের বড় ভাই নাসির উদ্দিন মাসিক মাত্র এক হাজার ২০০ টাকা ভাড়া দিচ্ছেন। তা-ও পরিষদের সভায় কখনো বিষয়টি পরিষ্কারভাবে জানানো হয়নি এবং ওই টাকা কোন খাতে ব্যয় হচ্ছে, তা-ও সদস্যরা কেউ জানেন না।ওই ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান সদস্য আবদুল মতিন বলেছেন, ২০১০ সালের মার্চে আলীকদম বাজার পুড়ে গেলে মানবিক কারণে এক হাজার ২০০ টাকায় নাসির উদ্দিন সওদাগরকে অস্থায়ীভাবে তিন মাসের জন্য মিলনায়তনটি ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু পরে তাঁর ভাই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি মিলনায়তন ছেড়ে না দিয়ে প্রায় তিন বছর ধরে অবৈধভাবে দখল করে রয়েছেন। অভিযুক্ত নাসির উদ্দিন বলেছেন, তিনি অবৈধভাবে ইউনিয়ন পরিষদের মিলনায়তন ব্যবসায়িক গুদামঘর হিসেবে ব্যবহার করছেন না। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ভাড়া নিয়েছেন এবং ভাড়া দিয়েই ব্যবহার করছেন। ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেছেন, তাঁর পূর্ববর্তী চেয়ারম্যান যে দরে ভাড়া দিয়েছেন, সেই হারে এখনো ভাড়া চলছে। তিন মাসের অস্থায়ী ভাড়ায় তিন বছর ধরে তাঁর ভাই থাকার কথা জানতে চাইলে জামাল বলেন, তিন মাসের কথা কার্যবিবরণীতে উল্লেখ নেই। অস্থায়ীভাবে ভাড়ার কথা উল্লেখ রয়েছে। পরিষদ না চাইলে ভাড়া বাতিল করা হবে বলে তিনি জানান। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেছেন, অস্থায়ীভাবে ভাড়া দেওয়ার কথা তিনি শুনেছেন। কিন্তু কেউ এ ব্যাপারে তাঁর কাছে অভিযোগ করেননি।