ইউপি-সংসদ সব নির্বাচনেই হার!
মো. ফারুক আহমদ। বাড়ি গোয়াইনঘাটের পশ্চিম জাফলংয়ের সুলতানপুর গ্রামে। আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক তিনি। সারা বছর আমেরিকায়ই থাকেন। তবে নির্বাচনের সময় তিনি ছুটে আসেন দেশে। প্রার্থী হন। জয়ের জন্য দুই হাতে টাকা খরচ করেন। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে সাংসদ পর্যন্ত—তিনটি নির্বাচনেই তিনি পরাজিত হন।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ১৯৯২ সালে মো. ফারুক আহমদ প্রথম গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হন। কিন্তু বিধি বাম। সেই নির্বাচনে তাঁর পরাজয় হয়। তিনি চলে যান সুদূর আমেরিকায়। ২০০৮ সালের শেষ দিকে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। ২০০৯ সালে উপজেলা পরিষদের নির্বাচনের সময় আবারও দেশে ফিরে চেয়ারম্যান পদে প্রার্থী হন। এবারও অনেক টাকা খরচ করেন। কিন্তু এ নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী আবদুল হাকিমের কাছে তিনি পরাজিত হন। ফারুক আহমেদ ফের পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হলে ফারুক আহমেদ দেশে ছুটে আসেন। ভেবেছিলেন এ দফায় দল থেকে মূল্যায়ন পাবেন। মনোনয়ন পেয়ে স্বপ্নপূরণের পথে এগোবেন। কিন্তু ভাগ্যের শিকে ছেঁড়েনি। মনোনয়ন পান সাংসদ ইমরান আহমদ। এতে ক্ষুব্ধ হন ফারুক। তাই স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে নিজ দলের প্রার্থীকে মোকাবিলায় নামেন। কিন্তু সাংসদ ইমরান আহমদের কাছে তিনি শোচনীয়ভাবে পরাজিত হন। গত রোববারের অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ইমরান আহমদ পেয়েছেন ৬২ হাজার ৬৫৫ ভোট। অন্যদিকে মো. ফারুক আহমদ পেয়েছেন ২৪ হাজার ১৬৫ ভোট।
পশ্চিম জাফলং ইউনিয়নের একাধিক ভোটার হতাশা ব্যক্ত করে বলেন, ‘গোয়াইনঘাটে ইমরান আহমদের বিকল্প নেতা সৃষ্টি করতে আমরা বারবার ফারুককে ভোট দিয়েছি। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিটিতেই তিনি আমাদের হতাশ করেছেন।’
দক্ষিণ প্রতাপপুর গ্রামের সাদউল্লাহ বলেন, ‘তিনি বিদেশে থাকেন। নির্বাচন এলে দেশে ফেরেন। মানুষ এটা ভালো চোখে দেখে না। পরাজয়ের এটা বড় কারণ হতে পারে।’
এ ব্যাপারে ফারুক আহমদ গত রোববার সন্ধ্যায় সিলেটে সংবাদ সম্মেলন করে বলেন, ‘সরকারদলীয় ক্যাডাররা ইমরান আহমদের নেতৃত্বে ভোলাগঞ্জ, বিছনাকান্দি ও জাফলংয়ের পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এসব অপকর্ম অব্যাহত রাখতে তাঁর ক্যাডাররা ভোট ডাকাতি করে আমাকে হারিয়েছে।’