ইউপি সদস্য খুনের বিচারের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজ উদ্দিনের খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। দামিহা ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাজলা-সেচুয়াকান্দি পাকা রাস্তায় এ কর্মসূচি পালিত হয়।গতকাল বুধবার বিকেলে এলাকার সহস্রাধিক নারী-পুরুষের অংশগ্রহণে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনের পর এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দামিহা ইউপির চেয়ারম্যান এ কে মাইনুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য বাবুল বর্মণ, আবদুল গনি, গেনু মিয়া, জালাল উদ্দিন, নারী ইউপি সদস্য সালমা বেগম, নিহতের মা আমেনা খাতুন, স্ত্রী রেহেনা আক্তার প্রমুখ।সমাবেশে মফিজ উদ্দিনের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।সালিসের জন্য গত শনিবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হন মফিজ উদ্দিন। রোববার সকালে বাড়ির অদূরে মানিকবন্দ হাওরের দক্ষিণে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের মা আমেনা খাতুন বাদী হয়ে একই গ্রামের ১১ জনকে আসামি করে সোমবার রাতে তাড়াইল থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই মামলার আসামি মানিক মিয়াকে গ্রেপ্তার করে।