ইউপি সদস্য গ্রেপ্তার, দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ মনজুরুল ইসলামকে (লিটন) গুলি করে হত্যার ঘটনায় আজ সোমবার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ১২ দিন ধরে ‘নিখোঁজ’ ছিলেন রেজাউল।

এদিকে সাংসদ হত্যা মামলায় দুজনকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

ইউপি সদস্য রেজাউলের মা আম্বিয়া খাতুন গতকাল রোববার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ১৩ জানুয়ারি সাদা পোশাকে সুন্দরগঞ্জ থানার পুলিশ রেজাউলকে তুলে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সুন্দরগঞ্জ থানায় জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান মুঠোফোনে বলেন, রেজাউলকে পুলিশ তুলে নিয়ে যায়নি। সাংসদ হত্যার ঘটনায় উপজেলার ধোপাডাঙ্গা এলাকা থেকে তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুজন রিমান্ডে: সাংসদ হত্যা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের সাবেক সাংসদ আবদুল আজিজের এপিএস মাসুদুর রহমান ও সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে সাইফুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

ওসি আতিয়ার রহমান বলেন, দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের করে রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাংসদ হত্যার ঘটনাটি পিবিআই, র‍্যাব, সিআইডি ও পুলিশ পৃথকভাবে তদন্ত করছে। পুলিশের পক্ষ থেকে নতুন করে চৌকস কর্মকর্তাদের এনে তদন্ত জোরদার করা হচ্ছে।

৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সাংসদ মনজুরুল ইসলাম খুন হন।