ইউপি সদস্য নিখোঁজ হওয়ার চার দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার চার দিন পর শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আমজাদ হোসেন সরদার ওরফে আনজু মেম্বারের লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি গত ৩১ জুলাই রাত নয়টার পর থেকে নিখোঁজ ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন সরদার গত ৩১ জুলাই জেলা সদরের উত্তর বাজার এলাকা থেকে নিখোঁজ হন। তাঁর বাড়ি উপজেলার গাগরীজোরা গ্রামে। নিখোঁজ হওয়ার এক দিন পর আমজাদ সরদারের ছেলে ইমরান সরদার শরীয়তপুর সদর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে কালকিনির আন্ডারচর গ্রামের আড়িয়াল খাঁ নদে একটি লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নশাসন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। পরে মুলাদী ও কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পাঁচটার দিকে লাশটি উদ্ধার করে।মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাঈদ বলেন, ‘খবর পেয়ে একটি লাশ আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’