ইউপি সদস্য নূরজাহানের ওপর হামলা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগ নেতা নূরজাহানের ওপর হামলা মামলার অন্যতম আসামি বাইরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌডালা রোড এলাকা থেকে বাইরুলকে গ্রেপ্তার করা হয়। মামলার ৯ নম্বর আসামি তিনি। এ নিয়ে নূরজাহানের ওপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আশিকুর রহমান জানান, শিবগঞ্জ থানায় বাইরুলের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাঁর বাড়ি মোবারকপুর ইউনিয়নের টিকোরি গ্রামে।

গত ২২ জানুয়ারি শিবগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে মোবারকপুরের কয়লাবাড়ি এলাকায় বাস থেকে নামিয়ে সন্ত্রাসীরা নূরজাহানের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর হাত ও পায়ের রগ কেটে যায়। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন।