বরিশাল র্যাব-৮-এর কয়েকজন সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের এক সদস্য পদপ্রার্থীকে নির্যাতন ও তাঁর মালামাল লুট করার অভিযোগ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে ওই সদস্য পদপ্রার্থীর ভাই ঢাকা আইনজীবী সমিতির সদস্য আবদুস সাত্তার সিকদার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তবে র্যাব এ অভিযোগ অস্বীকার করেছে। লিখিত বক্তব্যে আইনজীবী আবদুস সাত্তার সিকদার বলেন, তাঁর বড় ভাই আবদুল করিম সিকদার ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ছিলেন। নির্বাচনের তিন দিন আগে ২৫ মার্চ দিবাগত রাত দুইটার দিকে বরিশাল র্যাব-৮-এর উপসহকারী পরিচালক রতন চন্দ্র কর্মকার, উপপরিদর্শক মো. আসলাম, নিয়াজ মাহমুদ, মো. জাহাঙ্গীর, হাবিলদার মো. তালেব হোসেন, হাবিলদার মশিউর রহমান, করপোরাল মো. আবদুল মতিনসহ র্যাবের আরও পাঁচ-ছয়জন সদস্য নৈকাঠি গ্রামে তাঁর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর বাড়ির সব মালামাল তছনছ করেন। এ সময় তাঁরা নগদ ৭৫ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকারসহ ছয় লাখ ৭৫ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেন। তিনি জানান, তাঁরা চিৎকার করলে গ্রামের লোকজন এগিয়ে আসেন। এতে র্যাবের সদস্যরা আরও উত্তেজিত হয়ে যান। তাঁরা করিম সিকদার এবং তাঁর স্ত্রী জেসমিন বেগমকে মারধর করেন। পরে তাঁদের র্যাবের কার্যালয়ে নেওয়া হয়। আইনজীবী অভিযোগ করেন, র্যাবের সদস্যরা তাঁর ভাইয়ের শরীরে বৈদ্যুতিক শক দেন এবং তাঁর হাত ও পায়ের আঙুলের নখের নিচে সুঁই ঢুকিয়ে দেন। ২৬ মার্চ বিকেলে তাঁকে রাজাপুর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি প্রথমে বরিশাল হাসপাতালে অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন ছিলেন। পরে ১৬ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে র্যাব-৮-এর উপসহকারী পরিচালক রতন চন্দ্র কর্মকার জানান, মালামাল লুটপাটের অভিযোগ ঠিক নয়। করিম সিকদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর ঘরের খাটের নিচ থেকে ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাঁকে আটক করা হয়। তাঁর ওপর কোনো নির্যাতন করা হয়নি বলে তিনি জানান।