ইউপি সদস্য প্রার্থীসহ ২০৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে হিন্দুপাড়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় ইউপি সদস্য প্রার্থীসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। গত রোববার রাতে খুরুশকুল দক্ষিণ হিন্দুপাড়ার বাসিন্দা তিলক ঘোষ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এই মামলা করেন।
মামলায় খুরুশকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী (নির্বাচনে পরাজিত হয়েছেন) আবুল হোসেনসহ নয়জনের নাম উল্লেখ করা হয়। বাকি ২০০ জন অজ্ঞাতপরিচয় আসামি।
পুলিশ জানায়, গত শনিবার রাতে নির্বাচনে হেরে গিয়ে খুরুশকুলের হিন্দুপাড়ায় আবুল হোসেনের নেতৃত্বে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ২০টির বেশি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। প্রতিবাদে সেখানকার হিন্দু সম্প্রদায়ের লোকজন গত রোববার সকালে কক্সবাজার শহরে বিক্ষোভ করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, খুরুশকুলের হিন্দুপাড়ায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। আবুল হোসেনসহ অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
এদিকে হামলাকারী আবুল হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলা শাখার নেতারা। গতকাল এক বিবৃতিতে পরিষদের জেলা সভাপতি পীযূষ কান্তি চৌধুরী, সহসভাপতি অরূপ বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রিয়তোষ শর্মা, প্রচার সম্পাদক চঞ্চল দাশগুপ্ত বলেন, সংখ্যালঘু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ দমনে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে অপরাধীদের বিচার করতে হবে।