ইউপি সদস্যকে অপহরণকালে ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২
নরসিংদীতে ইউপি সদস্যকে অপহরণকালে ছাত্রলীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও আল-আমিন। গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা, সাংবাদিক নির্যাতনসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা রয়েছে।সদর হাসপাতালে চিকিৎসাধীন ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে তিনি একটি যাত্রীবাহী বাস দিয়ে পাঁচদোনা থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া মার্কেটের সামনে পৌঁছালে ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল লোক মাইক্রোবাস দিয়ে বাসটির গতিরোধ করে। অপহরণকারীরা গোলাম মোস্তফাকে মারধর করে মাইক্রোবাসে তোলার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে অপহরণকারী দেলোয়ার ও আল-আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।