ইউপি সদস্যকে অপহরণের পর হত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার এক ইউপি সদস্যকে গত শনিবার বিকেলে স্থানীয় হাজিগঞ্জ বাজার থেকে অপহরণের পর পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আমিন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ইউপি সদস্য মো. ইউছুফকে বিকেল সাড়ে পাঁচটার দিকে অপহরণ করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর বাজারের অদূরে একটি বাড়ির কাছ থেকে আহত অবস্থায় ইউছুফকে উদ্ধার করা হয়। ওই রাতেই তাঁকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত ইউছুফের বড় ভাই মো. গিয়াস উদ্দিন বলেন, উপজেলার চর পোড়াগাছা মৌজার কিছু খাসজমির দখল নিয়ে চরসীতা এলাকার আলী আজম ও তাঁর ওয়ারিশদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আদালতের মাধ্যমে ওই বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। কিন্তু আলী আজমের আত্মীয় মো. জয়নাল আবেদিন লোকজন নিয়ে শনিবার বিকেলে তাঁর ভাই ইউছুফকে অপহরণের পর পিটিয়ে হত্যার চেষ্টা করেন। ইট দিয়ে আঘাত করে ইউছুফের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। তাঁর চোখেও গুরুতর আঘাত করা হয়েছে।আলী আজম বলেন, ওই মৌজার ৪৭ একর জমির মালিকানা নিয়ে সরকারের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে মামলা চলছে। অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করে জয়নাল বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা জমির অবৈধ দখলের বিরুদ্ধে তদন্ত চলার সময় গত মার্চে ইউছুফ ও তাঁর লোকজন তাঁকে ঘটনাস্থলে মারধর করেন। ওই সময় তাঁর ভাগনে মো. মিজান এবং মিজানের চাচা মোস্তাফিজুর রহমান আহত হন। এ নিয়ে তিনি ইউছুফের ওপর ক্ষুব্ধ ছিলেন। তাই তাঁকে মারধর করেন।