ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে একজন ইউনিয়ন পরিষদের সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের আড়ুয়াকান্দিতে মঙ্গলবার রাত ১০টার দিকে এই ঘটনায় তাঁর এক সঙ্গী আহত হয়েছেন। জনতা আবদুল লতিফ নামের এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে।পারিবারিক সূত্র জানায়, ঝিনাইদহের সুরাট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের (দক্ষিণ-কাষ্টসাগরা) নির্বাচিত সদস্য আবদুর রশিদ (৪০) মোটরসাইকেলযোগে মাগুরায় যাচ্ছিলেন। এ সময় মুক্ত নামের এক আত্মীয় তাঁর সঙ্গে ছিলেন। আড়ুয়াকান্দি পৌঁছলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে। পুলিশ পরিচয় পেয়ে তাঁরাও গাড়ি থামিয়ে দাঁড়ায়। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আবদুর রশিদকে কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় মুক্ত আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করলে জনতা আবদুল লতিফ নামের এক দুর্বৃত্তকে আটক করে। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার জানান, হত্যাকারীরা হয়তো ছিনতাইয়ের উদ্দেশে রাস্তায় দাঁড়িয়েছিল। তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে গতিরোধ করে মোটরসাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রাত একটার দিকে আবদুর রশিদ মারা যান।