ইউপি সদস্যকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সুগন্ধী তঞ্চঙ্গ্যাকে (৪২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজস্থলীর আড়াছড়ি সূর্যসেন কার্বারিপাড়ায় সুগন্ধীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সুগন্ধীকে তাঁদের সমর্থক বলে দাবি করেছে। গতকাল মঙ্গলবার সংগঠনটির তথ্য ও প্রকাশনা বিভাগের সোনামণি চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, সোমবার রাত সাড়ে আটটার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আটজন সদস্য সুগন্ধীকে হত্যা করে। অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহকারী তথ্য ও প্রকাশনা সম্পাদক সজীব চাকমা প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে সুগন্ধীর হত্যাকাণ্ডে জনসংহতি সমিতির সদস্যদের নাম জুড়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে জনসংহতি সমিতির কেউ জড়িত নন।’স্থানীয় সূত্রে জানা গেছে, সুগন্ধী তঞ্চঙ্গ্যা সোমবার রাতের খাবার শেষ করে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় একদল লোক বাড়ির উঠানে এসে তাঁকে ডাক দেয়। বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সুগন্ধীর মৃত্যু হয়। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, নিহত সুগন্ধী তঞ্চঙ্গ্যার স্ত্রী ভাগ্যবতী তঞ্চঙ্গ্যা গতকাল অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।