ইউপি সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা, গ্রেপ্তার এক
নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের মো. নূরনবী (৫২) নামের সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। গত রোববার রাত সাড়ে আটটার দিকে পাশের সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের বাচ্চু মাস্টারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।ঘটনার পর স্থানীয় লোকজন নূরনবীকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে অবস্থার অবনতি দেখে গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। আহত নূরনবীর পেটে দুটি ও মুখে একটি গুলি বিদ্ধ হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুলিশ আবু বক্কর (৫০) নামের একজনকে আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে আটটার দিকে নূরনবী সেনবাগের নতুন বাজার থেকে হেঁটে লাউতলী গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে ইয়ারপুর গ্রামের বাচ্চু মাস্টারের বাড়ির সামনে পৌঁছামাত্র ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এ সময় নূরনবী দৌড়ে পাশের দোকানে গিয়ে লাউতলী এলাকার রগকাটা দুলাল, আবু বক্কর ও লিটন তাঁকে গুলি করেছে বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে এবং আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আবু বক্কর নামের একজনকে গ্রেপ্তার করে।