ইউপি সদস্যকে গ্রেপ্তারের দাবি, সড়ক অবরোধ
সিরাজগঞ্জের বাগবাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার বেজগাতী গ্রামের লোকজন ঝাড়ু ও লাঠি মিছিল করেছে। তারা আধা ঘণ্টা ছোনগাছা-ব্রহ্মগাছা সড়ক অবরোধ করে।এলাকাবাসী জানায়, সদর উপজেলার বেজগাতী গ্রামের বাসিন্দা বাগবাটী ইউপির সদস্য সিদ্দিক হোসেন মঙ্গলবার একই গ্রামের পত্রিকা বিক্রেতা মজনু মিয়ার জমি দখল করেতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর গতকাল গ্রামবাসী সিদ্দিককে গ্রেপ্তারের দাবিতে বেজগাতী বাজারে ঝাড়ু ও লাঠি মিছিল করে। বিক্ষুব্ধ লোকজন আধা ঘণ্টা ছোনগাছা-ব্রহ্মগাছা সড়ক অবরোধ করে রাখে।মজনু মিয়া অভিযোগ করেন, ‘আমি আমার জমিতে ঘর তুলতে গেলে সিদ্দিক আমার লোকজনকে মারধর করে। এতে চারজন আহত হয়। এ ব্যাপারে আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জমিটির কিছু অংশ খাস বিধায় বাড়ি করার জন্য আমি মাটি ভরাট করেছি। তা ছাড়া ইজারা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদনও করেছি। এ কারণে বাধা দিয়েছিলাম। আমি কাউকে মারধর বা কারও জমি দখল করিনি।’বাগবাটী ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সিদ্দিকের সঙ্গে জমি নিয়ে গ্রামের অনেক মানুষের দ্বন্দ্ব চলছে। এ কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।