পাবনার সাঁথিয়ায় ভেজাল দুধ তৈরির দায়ে গত রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত নন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যকে জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
দণ্ড পাওয়া ইউপি সদস্যের নাম নবিরউদ্দিন। ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন লাখ টাকা জরিমানা করেছেন।
আদালত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নন্দনপুর ইউনিয়নের দাড়ামুদা গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য নবিরউদ্দিন জোড়গাছা বাজারে দুধ সংগ্রহ কেন্দ্র গড়ে তোলেন। সেখানে তিনি ভেজাল দুধ তৈরি করে তা ভালো দুধের সঙ্গে মিশিয়ে একটি বেসরকারি দুধ প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে সরবরাহ করতেন। এ বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) মো. জামালউদ্দিন রোববার রাত আটটার দিকে সেখানে যান। সেখানে তিনি নবিরউদ্দিন ও তাঁর কর্মচারীদের ভালো দুধের সঙ্গে ভেজাল দুধ মেশাতে দেখেন। তিনি বিষয়টি মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। ইউএনও ভ্রাম্যমাণ আদালত গঠন করে পুলিশসহ সেখানে উপস্থিত হন ও ভালো দুধের সঙ্গে ভেজাল দুধ মেশানোর প্রমাণ পান। এ সময় তিনি নবিরউদ্দিনকে জরিমানা করেন ও ঘটনাস্থল থেকে ১০ লিটার ভেজাল দুধ জব্দ করেন।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, ভেজাল দুধ ভালো দুধের সঙ্গে মেশানো হতো। পরে তা একটি বেসরকারি দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্রে সরবরাহ করা হতো বলে নবিরউদ্দিন আদালতের কাছে স্বীকার করেছেন।