ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সোনা মিয়াকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ইউনিয়নের চরগঙ্গা গ্রামের চরগঙ্গা বাঁধবাজারে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ওই ইউপির চেয়ারম্যানকে খোঁজ করেন। সোনা মিয়া তাঁদের জানান, চেয়ারম্যান আবু হাসানাত আবদুল্লাহ এলাকায় নেই। তখন ওই লোকেরা জানান, তাঁরা চেয়ারম্যান এনামুল ইসলামকে খুঁজছেন। এ সময় সোনা মিয়া বলেন, তিনি তো সাবেক চেয়ারম্যান। এ ঘটনা কেউ অতিরঞ্জিত করে এনামুল ইসলামকে জানালে তিনি ক্ষুব্ধ হয়ে বিকেলে লোকজন নিয়ে চরগঙ্গা বাঁধবাজারে গিয়ে সোনা মিয়াকে মারধর করেন। জানতে চাইলে মো. এনামুল ইসলাম মুঠোফোনে বলেন, সোনা মিয়াকে মারধর করার ঘটনা সঠিক নয়। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন চরগঙ্গা এলাকায় গেলে সোনা মিয়া তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ ঘটনায় তাঁকে বকাবকি করা হয়েছে।