ইউপি সদস্যকে পিটিয়ে চেয়ারম্যান বললেন কারণ ‘কৌশলগত’
রাজশাহীর বাগমারার যোগীপাড়া ইউনিয়নের সদস্য হাবিবুর রহমানকে (৪৮) পিটিয়ে আহত করেছে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তাঁর লোকজন। হাবিবুরের দাবি, চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তাঁর ওপর এ নির্যাতন চালানো হয়েছে। তবে চেয়ারম্যান বলেছেন, এক গৃহবধূর ঘরে ঢুকে তাঁর শ্লীলতাহানির অভিযোগে হাবিবুরকে পেটানো হয়েছে। হাবিবুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান দাবি করেন, গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনি বীরকুৎসা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশের একটি বাড়ি থেকে তাঁর পরিচিত একজন নারী তাঁকে ডেকে ঘরে নিয়ে যান। তিনি ঘরে ঢোকার পরপরই কিছু লোক বাইরে থেকে ঘরটি তালাবদ্ধ করে দিয়ে চিৎকার করতে থাকে। এরপর লোকজন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে খবর দিলে তিনি গিয়ে হাবিবুরকে ঘর থেকে উদ্ধার করে বেদম মারধর করেন। পরে তাঁকে বেঁধে ইউপি কার্যালয়ে নিয়ে যান। রাতে তাঁকে সেখানেই রাখা হয়। গতকাল শনিবার শত শত লোকের সামনে চেয়ারম্যান এবং তাঁর লোকজন পিটিয়ে তাঁর হাত-পা ভেঙে দিয়েছে। হাবিবুর জানান, এ ব্যাপারে তিনি মামলা করবেন।এ ঘটনায় হাবিবুরের কাছ থেকে দেড় হাজার এবং ওই গৃহবধূর কাছ থেকে ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। হাবিবুরকে ঘরে ডেকে আনায় ওই গৃহবধূকে জরিমানা করা হয়েছে বলে চেয়ারম্যান জানান। গতকাল শনিবার হাবিবুর মুঠোফোনে দাবি করেন, চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তিনি তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। এ জন্য তাঁর বেতন-ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে ঘটনা তৈরি করে চেয়ারম্যান ও তাঁর লোকজন তাঁকে পিটিয়েছে। চেয়ারম্যান সাইফুল ইসলাম তাঁর সঙ্গে হাবিবুরের বিরোধ থাকার কথা স্বীকার করে বলেন, ‘লোকজন হাবিবুরকে হাতেনাতে ধরে আমাকে খবর দিয়েছে। আমি তাঁকে ঘর থেকে বের করে কৌশলগত কারণে পিটিয়েছি। এতে করে লোকজনের রাগ কিছুটা কমেছে।’ জরিমানা আদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটা আমি একা করিনি, লোকজন মিলে করেছে।’ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঘটনার প্রত্যক্ষদর্শী মোস্তফা কামাল জানান, ইউপি সদস্য হাবিবুরকে চেয়ারম্যান বেদম পিটিয়েছেন। যোগীপাড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।